সিলেটের জৈন্তাপুর উপজেলার মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ক্লাস চলাকালে ছাদের একটি অংশ ধসে পড়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে নির্মিত বিদ্যালয়টির পুরোনো ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশও নাজুক অবস্থায় রয়েছে। এর মধ্যেই বৃহস্পতিবার ক্লাস চলাকালে ছাদের একটি অংশ ভেঙে পড়ে।
বিদ্যালয় কর্তৃপক্ষের আশঙ্কা, ভবনের অন্যান্য ঝুঁকিপূর্ণ অংশও যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী বলেন, ভবনটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় এর বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ক্লাস চলাকালে ছাদের অংশ ধসে পড়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমাম উদ্দিন বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান কার্যক্রম চালাতে হচ্ছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ভবনটি পরিদর্শন করে সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, “বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ভবনটি পরিদর্শন, ঝুঁকি নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/জাহিদ/এসডি-১৯





