ছবি: ফাইল ছবি।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চূড়ান্ত সময়সূচি আগামী সোমবার (১২ অক্টোবর) ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
আসন্ন ইউপি নির্বাচন কয়টি ধাপে এবং কোন ধাপ কবে হবে—সোমবার এসব নির্বাচন কমিশনের বৈঠকে চূড়ান্ত করা হবে। নির্বাচন কমিশনার আরও জানান, ইসি শুধু নির্বাচনের সময়ের বিষয়টি জানাবে। তফসিল ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘সোমবার কমিশন মিটিংয়ে আমরা দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেব ইউনিয়ন পরিষদ নির্বাচনের কয় স্লটে, কবে কবে হবে। সব দিন জানিয়ে দেব। তফসিল আমরা ঘোষণা করব না, তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।’
ইউপি নির্বাচনের সময়সীমা সম্পর্কে নিয়ে তিনি বলেন, ‘আমরা প্রথমে যেমনটা বলেছিলাম, আমরা একদম শুরুর ব্রিফিংয়ে যেটা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই আমাদের সব স্লট শেষ হয়ে যাবে। সোমবার পর্যন্ত আমরা ওয়েট করি। দেখা যাক, ওইটা সোমবারের দিন সিদ্ধান্ত।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৪





