রাত নামলেই সড়ক-মোড় কিংবা অলিগলিতে বসত কিশোর-তরুণদের জটলা। এবার সেই চিত্র অনেকটাই বদলে গেছে। কিশোর গ্যাং, ছিনতাই, মাদক ও জুয়া ঠেকাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) টানা অভিযানে ফাঁকা হয়ে আসছে নগরের রাতের ব্যস্ত পয়েন্টগুলো।
 

গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে বুধবার (৭ অক্টোবর) রাত পর্যন্ত ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬৪ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে, ১৬১ জনকে আদালতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে সাজা পেয়েছেন আরও দুজন।
 


থানাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে দক্ষিণ সুরমায় ৭০ জন ও কোতোয়ালিতে ৬৮ জন। এছাড়া জালালাবাদে ২৬, এয়ারপোর্টে ২৮, মোগলাবাজারে ১৯ ও শাহপরান (রহ.) থানায় ১৬ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি চায়ের দোকান, রেস্তোরাঁ ও বিভিন্ন আড্ডাস্থলেও চলছে তল্লাশি।
 

পুলিশের এই তৎপরতায় রাতের নগরীতে কমেছে অপ্রয়োজনীয় জটলা।  নগরবাসী বলছেন প্রকৃত অপরাধ নিয়ন্ত্রনে এঅভিযান কতটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, পুলিশের অভিযানের আগে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কিশোর ও তরুণদের আড্ডা জমে উঠত। কোথাও রাস্তার পাশে, কোথাও দোকানের সামনে আবার কোথাও নির্জন অলিগলিতে। পুলিশের সাম্প্রতিক অভিযানের পর সেই দৃশ্যে পড়েছে বড় ধরনের পরিবর্তন।

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬