জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রথমবারের মত কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহর আখড়াবাড়িতে থাকা দানবাক্স   খুলে টাকা গণনা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দানবাক্স খুলে শুরু হয় টাকা গণনা। পরে বেলা দুইটা পর্যন্ত চলে গণনা।

 


জানা যায়, শনিবার (১০ অক্টোবর) ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের মাজারের দানবাক্স খুলে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে। এই টাকা লালন একাডেমির ব্যাংক হিসাব নম্বরে জমা করা হবে।

 

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার বলেন, ফকির লালন শাহর দুটি উৎসব ঘিরে বছরে চারবার দানবাক্স খোলা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ১৩৬তম তিরোধান দিবসের আগে শনিবার (১০ অক্টোবর) দানবাক্স খোলা হয়।

 

নাভিদ সারওয়ার আরও জানান, গত বছর ১৩৫তম তিরোধান দিবসের আগে দানবাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা এবং তিরোধান দিবসের তিন দিন পর দানবাক্স খুলে ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা পাওয়া গিয়েছিল। তিরোধান দিবসের পর আবারও প্রকাশ্যে দানবাক্স খোলা হবে।

 

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন বলেন, এবারই প্রথম লালন একাডেমির সিন্দুক প্রকাশ্যে খোলা ও গণনা করা হয়েছে। এই টাকা লালন একাডেমির তহবিলে জমা হবে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৫