নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকালে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, অভিযানে ৩ হোটেলকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে হোটেলগুলো থেকে প্রায় এক মণ ইলিশ জব্দ করা হয়। জব্দ করা এক মণ ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
প্রশাসন জানায়, চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার হিলশা কিচেনকে ৩০ হাজার, মেজবান হোটেলকে ২০ হাজার ও দেলোয়ার হোটেলকে ১০ হাজার টাকা (মোট ৬০ হাজার) জরিমানা করে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, চাঁদপুর মডেল থানা পুলিশসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৭





