ছবি: ফাইল ছবি।
ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে আজ সোমবার (১২ অক্টোবর)। ইউপি নির্বাচন প্রসঙ্গে বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সভায় ইউপি নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারিত হতে পারে।
রবিবার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কমিশনের ১৩-তম এই গুরুত্বপূর্ণ সভাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্বাচন কমিশনারগণসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের সংস্থাপন শাখা জানিয়েছে, সভায় মূল আলোচনার বিষয় হিসেবে থাকছে স্থানীয় সরকার পরিষদের বিভিন্ন নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ, পার্সোনালাইজেশন সেন্টারের মেশিনসমূহের বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ ও নতুন চুক্তি সম্পাদন সংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। একই সাথে 'জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫'-এর খসড়া অনুমোদনসহ অন্যান্য বিবিধ বিষয় নিয়েও এই সভায় বিস্তারিত আলোচনা করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৫





