ছবি: ফাইল ছবি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ১২টি নির্দেশনা দিয়েছে সিলেট পুলিশ। রবিবার ( ১১ অক্টোবর) সিলেট রেঞ্জ পুলিশের মিডিয়া সেল জানায়, এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নির্দেশনাগুলো মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।


বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। এ ছাড়া পূজামণ্ডপের আশপাশে অবৈধ দোকান বসানো এবং রাস্তায় গাড়ি পার্কিং না করার নির্দেশনা দেওয়া হয়েছে।


 

নির্দেশনায় আরও বলা হয়েছে, পূজা উপলক্ষে মেলা কিংবা অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। উৎসব চলাকালে মোটরসাইকেলে রেস ও বেপরোয়া গতিতে চলাচল থেকেও বিরত থাকতে হবে।

 

পূজামণ্ডপে নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও প্রস্থান পথ রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং অগ্নিনির্বাপক যন্ত্র মজুত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি প্রতিমা বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

পূজামণ্ডপে নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নারীদের তল্লাশির জন্য নারী স্বেচ্ছাসেবক রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

অন্যদিকে, পূজা চলাকালে হাউজি, জুয়া, আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। আজান ও নামাজের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা এবং উচ্চস্বরে শব্দ সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।


দুর্গাপূজা উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক। সভায় সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রেঞ্জের চার জেলার পুলিশ সুপার, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ছাড়া জুম প্ল্যাটফর্মে রেঞ্জের বিভিন্ন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক, ডিআইও-১, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ফাঁড়ি, ক্যাম্প ও তদন্তকেন্দ্রের ইনচার্জরা সভায় যুক্ত ছিলেন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩/আশিক-১৩