ছবি: সংগৃহিত

সিলেটের গোলাপগঞ্জ থেকে আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য রুহেল আহমদকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ চুরি করে বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় দায়েরকৃত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার  দিকে গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম নিমাদল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রুহেল আহমদ গোলাপগঞ্জ উপজেলার ৪ নম্বর লক্ষীপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম নিমাদল গ্রামের মৃত ছয়ফুল ইসলাম আরব আলীর ছেলে। তাঁর মায়ের নাম আফিয়া খাতুন। এই ওয়ার্ডের ইউপি সদস্যও।

 

পুলিশ জানায়, আওয়ামী লীগ আমলে উপজেলার মদনগৌরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের গাছ চুরি করে বিক্রি করা হয়েছিল। এই গাছ চুরির সঙ্গে রুহেল জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তিনি ওই মামলার এজাহারনামীয় আসামী।

 

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রুহেলকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬