ছবি: সংগৃহিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার বিরুদ্ধে হত্যা, গ্রেপ্তার ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে আসার কারণ জানতে চান তারা।
সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে হুইলচেয়ারে বসা ড. মুহাম্মদ ইউনূসের দিকে এগিয়ে গিয়ে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দিচ্ছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন। এ সময় তাকে উদ্দেশ করে ‘ইউ আর আ টেররিস্ট’ (আপনি একজন সন্ত্রাসী) এবং ‘হোয়াই ইউ কাম হিয়ার’ (আপনি এখানে কেন এসেছেন) বলে চিৎকার করতে শোনা যায়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ড. ইউনূস দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। এ সময় তারা দেশের পরিস্থিতি ও পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও বিভিন্ন স্লোগান দেন।
ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আপনি আমার দেশে হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করেছেন। কেন এখানে এসেছেন?’ তবে বিক্ষোভকারীদের এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে আরও দেখা যায়, নিরাপত্তাকর্মী ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস পরিস্থিতি অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা তাকে ঘিরে বিভিন্ন মন্তব্য ও প্রতিবাদ জানাতে থাকেন।
একপর্যায়ে ড. ইউনূস ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ বিমানবন্দরের ভেতরে চলে যান।
তবে ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার বিস্তারিত বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ড. ইউনূসের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৩





