ছবি: ফাইল ছবি।
সিলেট কোতোয়ালী মডেল থানাধীন কানিশাইল খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে অনলাইন জুয়া বিরোধী এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভয়ে অজ্ঞাত এক ব্যক্তি নিকটস্থ সুরমা নদীতে ঝাঁপ দেন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত্য ঘোষণা করেন।
নিহত জজ মিয়া (৬০)। তিনি সুনামগঞ্জের তাহিরপুর থানার বাদাঘাট এলাকার মৃত মৌলু মিয়ার ছেলে। বর্তমানে তিনি কোতোয়ালী থানার শামিমাবাদ এলাকার বাসিন্দা।
সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মহানগরের কানিশাইল খেয়াঘাট এলাকায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক ছোটাছুটি শুরু করেন। একপর্যায়ে নিহত জজ মিয়া ভয়ে নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, জজ মিয়া হৃদরোগে আক্রান্ত ছিলেন। হৃদযন্ত্রের সমস্যাজনিত কারণে তিনি বেশ কয়েকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল জাকির জানান, নিহত জজ মিয়া পেশায় একজন রিকশাচালক ছিলেন। বর্তমানে তার মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৫





