হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার বিএম তৌহিদ হাসান।
 

শনিবার দুপুরে তিনি পূজামণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে কথা বলেন এবং মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।


এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
 

বিএম তৌহিদ হাসান বলেন, হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে থাকা ৬৩টি পূজামণ্ডপ এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে থাকা একটি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
 

তিনি বলেন, পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় বিজিবির সদস্যরা সার্বক্ষণিক টহল ও নজরদারি করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০৩