ছবি: সিলেট ভিউ।

ভোরের অন্ধকারে সিএনজিচালিত অটোরিকশায় করে মদ বহনের অভিযোগে সিলেটের জৈন্তাপুরে এক চালককে আটক করেছে পুলিশ। এ সময় অটোরিকশা থেকে ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়। মদ পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।


রবিবার (১৮ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটে উপজেলার শাপলা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় সিলেট-থ-১১-৬৯০২ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ৯৬ বোতল মদ উদ্ধার করা হয়। পরে অটোরিকশার চালক নুরুল ইসলাম আকাশকে (২৭) আটক করা হয়।



আটক নুরুল ইসলাম আকাশ সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেববাজার রোডের লীলাপাড়া ছড়াপাড়ার বাসিন্দা। তিনি তাজুল ইসলামের ছেলে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/জাহিদুল/আশিক-০৪