নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ভটভটি সড়কের পাশে খাদে পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। মারা গেছে দুটি গরু। সোমবার (১৯ অক্টোবর) ভোরে চুয়াডাঙ্গার শহরতলীর নুরনগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলাল (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন- ভটভটি চালক তারাচাঁদ ও ব্যবসায়ী শিপন।
পুলিশ জানায়, সোমবার (১৯ অক্টোবর) ভোরে নুরনগর মুন্নামোড়ে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে হতাহতদের উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজানুর রহমান জানান, নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০১





