ছবি: ফাইল ছবি।

মধ্যপ্রাচ্যের ১২টি দেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন দূতাবাস। সোমবার (১৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়। ইউরো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 


সংঘাত, ফ্লাইট বাতিল এবং আকাশসীমা বন্ধ থাকার ঝুঁকি বিবেচনায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, ইরান, কাতার, ইরাক, লেবানন, ইয়েমেন ও ইসরাইলে ভ্রমণের বিষয়ে নাগরিকদের সতর্ক করা হয়েছে।


যৌথ বিবৃতিতে মার্কিন নাগরিকদের আপাতত এসব দেশে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমানে ওই ১২টি দেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকতে, বিমান সংস্থাগুলোর কার্যক্রমের ওপর নজর রাখতে এবং সংশ্লিষ্ট অঞ্চলে থাকা মার্কিন কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে। যেকোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।


বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে, ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্যবস্তু করতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানও রয়েছে।


এ প্রসঙ্গে সৌদি আরবে ইরান-সমর্থিত হুতি বাহিনীর চালানো হামলার কথাও উল্লেখ করা হয়েছে। এসব হামলায় বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ার ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ভ্রমণব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৬