ছবি: ফাইল ছবি।

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে এক স্কুলশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে ভেদরগঞ্জ থানা সংলগ্ন ঢাকা আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 


নিহত আবুল বাশার (৩৯)। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার দেউলিয়াবাড়ি এলাকার মৃত আলী তালুকদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাত পৌণে ৯টার স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা হয় আবুল বাশারের। এ সময় তিনি স্ত্রীকে জানান, নাঈম নামে এক বন্ধুর বাসায় রাতে খাবার খাচ্ছেন এবং সেখানেই থাকবেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। পরদিন দুপুর ৩টার দিকে আবুল বাশারের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এক ব্যক্তি তার স্ত্রীর মোবাইলে আবুল বাশারের রক্তাক্ত একটি ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয়।

 

বিষয়টি পরিবারের পক্ষ থেকে গাজীপুরের কালিয়াকৈর থানায় জানানো হয়। পরে ভেদরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দুপুর ১টার দিকে থানা সংলগ্ন ঢাকা আবাসিক হোটেল থেকে আবুল বাশারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে হোটেলের ম্যানেজার মামুন পলাতক রয়েছেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল সামছুল আরেফিন বলেন, পরিবারের লোকজন আমাদের সঙ্গে যোগাযোগের পর তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তার যাওয়ার কথা ছিলো নড়িয়া, তিনি কেন এখানে এসেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৯