নাটোরের লালপুরে হজরত বাগুদেওয়ান (রহ.)-এর মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে লালপুরের ভেল্লাবাড়ীয়া হজরত বাগুদেওয়ান (রহ.) মাজার ও মসজিদে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা মাজার ও মসজিদে প্রবেশ করে সিন্দুক ও দানবাক্স ভেঙে ভেতরে থাকা টাকা চুরি করে নিয়ে যায়। একইসঙ্গে সেখানে থাকা প্রায় তিন ফুট লম্বা একটি পুরোনো স্টিলের বাক্সও নিয়ে যায় তারা। ওই বাক্সে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত ছিল বলে জানা গেছে।
মাজার পরিচালনা কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম জানান, মাজারে চুরির ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়া মাজারের সিন্দুকটি পুরোনো ছিল। এছাড়া একটি পুরোনো বাক্সে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত ছিল।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৮





