ছবি: সংগৃহিত।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আম্বর আলী শাহ মাজারের মূল ফটকের তালা ভেঙে চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে বুধবার সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর এলাকার আম্বর আলী শাহ মাজারে এ ঘটনা ঘটে।

 


মাজার পরিচালনা কমিটির সহসভাপতি এটিএম বাক্কী জানান দানবাক্সের আনুমানিক এক লাখ টাকা, আটটি কাঁসার পাতিল ও বিভিন্ন আসবাবপত্র চুরি হয়েছে। এসব মালামালের আনুমানিক মোট মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা।

 

বাঞ্ছারামপুর মডেল থানায় দেওয়া লিখিত অভিযোগে এটিএম বাক্কী উল্লেখ করেন, মঙ্গলবার রাতে মাজারের ভেতর ও চারপাশ দেখে মূল ফটকে তালা লাগিয়ে চলে যান তিনি। বুধবার সকালে মাজারে গিয়ে দেখেন, মূল ফটকের তালা ভাঙা এবং সামনের দরজা খোলা। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে মাজারের ভেতরে ও চারপাশে খোঁজাখুঁজি করেন। তখন মাজারে থাকা টাকা ও বিভিন্ন মালামাল চুরি হওয়ার বিষয়টি সামনে আসে।


বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাজারে চুরি হওয়ার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৭