ছবি: ফাইল ছবি।

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে পারেন স্কুল, কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকায় এ সুযোগ তৈরি হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় ও মাদরাসার ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হওয়ার তথ্য পাওয়া যায়নি।


বুধবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে প্রকাশিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর ফলেই এমন সুযোগ পাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।



তথ্য অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং ৮ নভেম্বর (রোববার) শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকছে। এর সঙ্গে আগের সাপ্তাহিক ছুটি শুক্রবার মিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকবে সরকারি-বেসরকারি পর্যায়ের স্কুল-কলেজ ও কারিগরি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান।


২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা স্কুল-কলেজের ছুটির তালিকা থেকে এসব তথ্য পাওয়া গেছে।


বুধবার জারি করা প্রজ্ঞাপন ও ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা স্কুল-কলেজের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এ পূজা পালিত হবে।


সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকা অনুযায়ী, শ্যামাপূজা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকে। ফলে সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় উৎসবের ছুটি মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ৩ দিনের ছুটি পেতে পারেন।

 

তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির বিষয়টি ভিন্ন। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজ নিজ ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ছুটি পাচ্ছেন না মাদ্রাসা শিক্ষার্থীরাও। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকা ঘেঁটে শ্যামাপূজা সংক্রান্ত ছুটির কোনো তথ্য মেলেনি।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১৩