ছবি: সিলেট ভিউ।
পূজার ছুটিতে সিলেটে আসছেন অনেকে, আবার সিলেট থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটছেন অসংখ্য যাত্রী। যাত্রীদের এই বাড়তি চাপকে ঘিরে টিকিট কালোবাজারি ও দালালচক্রের তৎপরতার আশঙ্কায় সিলেট রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে যাত্রীদের সতর্ক করার পাশাপাশি কালোবাজারিদের কাছ থেকে টিকিট না কেনার আহ্বান জানানো হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল বাছিত মোল্লা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা ই রাব্বির নেতৃত্বে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
তবে অভিযানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়নি। অভিযান চলাকালে স্টেশনে আসা যাত্রীদের টিকিট কেনার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের আরও বলা হয়, টিকিট নিয়ে কোনো অনিয়ম বা কালোবাজারির ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনকে জানাতে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা ই রাব্বি জানান, টিকিট কালোবাজারি প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই কালোবাজারি সহ্য করা হবে না।
তিনি বলেন জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে নজরদারি ও অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-১০/আশিক-১৩





