ছবি: সংগৃহিত।
শরীয়তপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার হত্যা মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত ঢাকা আবাসিক হোটেলের ম্যানেজার আতাউর রহমানকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৮)।
বুধবার (২১ অক্টোবর) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকা থেকে এসআরবির যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
আটক আতাউর রহমান নোয়াখালীর সোনাইমুড়ী থানার আফুলশী মিয়াবাড়ী গ্রামের ছালেহ আহম্মদের ছেলে। তিনি শরীয়তপুরের ঢাকা আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এসআরবি-৮ এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, গত ১৮ অক্টোবর গাজীপুরের কোনাবাড়ী এলাকার খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার বাড়ি থেকে বের হওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন থেকে স্ত্রী ও অন্যান্য স্বজনের কাছে মারধরের ছবি পাঠানো হয়। একই সঙ্গে চিকিৎসার খরচ বাবদ বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হয় বলে জানায় এসআরবি।
পরে মঙ্গলবার (২০ অক্টোবর) শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে আবুল বাশারের মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিহত শিক্ষকের ভাই ওই দিনই ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এরই প্রেক্ষিতে এসআরবি যৌথ অভিযান চালিয়ে নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত আতাউর রহমানকে আটক করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরসহ প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৯





