নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ফেনী শহরের সহদেবপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. হেলাল তুহিন (১৯), এনায়েত হোসেন (২০), মো. হাসান (১৯), মো. ইব্রাহিম (২১), শাহাদাত হোসেন (১৯), মো. ইমাম হোসেন (১৯), রাকিবুল ইসলাম (২০), তারেক হোসেন (২২), শাহাদাত হোসেন (১৯) ও ১৭ বছরের চার কিশোর।
জানা যায়, বৃহস্পতিবার সকালে ফেনীর কালিপাল দশমীঘাট-সংলগ্ন এলাকায় ফেনী সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ।
ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১২





