ছবি: সিলেট ভিউ।

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের হারিয়ে যাওয়া জুতার খোঁজ পাওয়া গেছে। 


শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ থেকে হারিয়ে গিয়েছিল তার জুতা। তবে জেলা প্রশাসন নিশ্চিত করেছে ওই জুতা কেউ একজন নিরাপদে সরিয়ে রেখেছিল।



৩৫ দিন পর শনিবার সকালে খোলা হয় শাহজালাল মাজারের দানবাক্স। এরপর দিনভর গণনা শেষে সন্ধ্যার দিকে আনুষ্ঠানিকভাবে দানবাক্সের মোট হিসেব ঘোষণা করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। তবে অনুষ্ঠান শেষে ফেরার সময় জেলা প্রশাসক তার জুতা খুঁজে পাননি। পরবর্তীতে জুতা ছাড়াই তাকে সেখান থেকে ফিরতে দেখা যায়।


এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা জানান, মাজার প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের হারিয়ে যাওয়া জুতা পাওয়া গেছে। কেউ একজন জুতা নিরাপদে সরিয়ে রেখেছিল।


এদিকে কড়া নিরাপত্তার মধ্যে মাজার প্রাঙ্গণে জেলা প্রশাসকের জুতা খুঁজে না পাওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে জুতা পাওয়ার খবর জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা।


উল্লেখ্য, পঞ্চম দফায় প্রকাশ্যে মাজারের দানবাক্স গণনা করে এবার মিলেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। পাশাপাশি এতে সোনা, রূপা ও ১৮টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৩