ছবি: সংগৃহিত
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৪ অক্টোবর মারা যাওয়া শিশুটির বাড়ি সুনামগঞ্জ জেলায়। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১২২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪৫২ জন সন্দেহভাজন রোগী। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের রবিবারের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া শিশুটির নাম সাফা। তার বয়স ৮ মাস। সে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বাসিন্দা সালমান আহমদের মেয়ে।
হামের উপসর্গ নিয়ে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্বাস্থ্য বিভাগের হিসাব বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহভাজন হাম রোগে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম রোগে মারা গেছে ১০ জন। সব মিলিয়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০৩ জনে।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা ৮৩। এর মধ্যে সন্দেহভাজন রোগে ৭৯ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে মোট মৃত্যু ৩২, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭১ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে সন্দেহভাজন হাম রোগে ৭০ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি থাকা ৪৫২ জন সন্দেহভাজন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৮৪ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে ১৭৬ জন। রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপতালে ৫, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৮ জন চিকিৎসাধীন রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১২২ জন সন্দেহভাজন রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৪, মাউন্ট এডোরা হাসপাতালে ৩, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছে।
চলতি বছরের শুরু থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। এর মধ্যে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হবিগঞ্জের হিসাবের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৫





