ছবি: সংগৃহিত।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্কদের হোটেল বরাদ্দ দিলেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। শনিবার (২৪ অক্টোবর) এমনটাই জানিয়েছেন কক্সবাজার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।


কক্সবাজারের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ পর্যটন নিশ্চিতকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।



সংসদ সদস্য শামীম আরা স্বপ্না বলেন, 'কক্সবাজারে অল্পবয়সী অপ্রাপ্তবয়স্ক মেয়েদের কথিত প্রেমিকের সঙ্গে হোটেলে আসতে দেখা যাচ্ছে। এই বয়সে তাদের একা হোটেলে থাকার সুযোগ দেওয়া উচিত নয়। এনআইডি ছাড়া তাদের হোটেলে থাকার অনুমতি দেওয়া আইনত গুরুতর অপরাধ।'

 

তিনি আরও উল্লেখ করেন, 'এ ধরনের পরিস্থিতির কারণে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কেউ পথে-ঘাটে প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কক্সবাজারে এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতি কোনোভাবেই বরদাশত করা হবে না।'

 

পর্যটন ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন, 'অপ্রাপ্তবয়স্করা কেবল বাবা-মায়ের সঙ্গে এলে হোটেলে থাকতে পারবে, তবে এনআইডি ছাড়া কোনো কথিত প্রেমিকের সঙ্গে থাকার সুযোগ দেওয়া যাবে না।'

 

কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। এতে হোটেল-মোটেল-রেস্তোরাঁর মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন অংশীজন অংশ নেন।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০১