ছবি: সিলেট ভিউ।
সিলেটে জঙ্গল থেকে আমেরিকার তৈরি অস্ত্র, ভারতীয় বিস্ফোরক ও পুলিশের লুন্ঠিত সাউন্ড গ্রেণেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের সময় সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের পীরেরগাঁও এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের মধ্যে রয়েছে- আমেরিকার তৈরি একটি ওয়ান শ্যুটার গান, ভারতের তৈরি চারটি পাওয়ার জেল, চারটি নন-ইলেকট্রিক ডেটোনেটর, একটি সেফটি ফিউজ, শর্টগানের চারটি কার্তুজ ও পুলিশের লুন্ঠিত একটি অবিস্ফোরিত সাউন্ড গ্রেণেড।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শনিবার দিবাগত রাতে এসআরবি খবর পায় পীরেরগাঁও এলাকার একটি জঙ্গলে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েক ব্যক্তি অবস্থান করছে। খবর পেয়ে এসআরবির একটি দল সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও সাউন্ড গ্রেণেড উদ্ধার করে। একটি পলিথিনের ব্যাগের ভেতর এগুলো মোড়ানো ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/আশিক-১৩





