ছবি: ফাইল ছবি।

সিলেটে রেলওয়ে স্টেশন, কলেজের পাশ ও মসজিদের পাশ্ববর্তী রাস্তার পাশ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) পুলিশ মরদেহ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।


পুলিশ জানায়, রবিবার বিকেলে নগরীর কাজলশাহ মসজিদের পার্শ্ববর্তী রাস্তার পাশে অজ্ঞাত এক নারীর (৫০) লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর বেলা পৌণে ৩টার দিকে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে প্রেরণ করে।  



কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, মারা যাওয়া নারীর নাম, ঠিকানা ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। লাশ হিমাগারে রাখা হয়েছে।

 


এদিকে দুপুর দেড়টার দিকে জৈন্তাপুরের তৈয়ব আলী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে নজরুল ইসলাম (৪২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা। মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুঁড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ফেরি করে স্যান্ডেল বিক্রি করতেন।
 

 

জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।


এছাড়া, রবিবার সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাপুলিশ সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

 


দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফ উজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান ওসি।

 

 


সিলেটভিউ২৪ডটকম/শাদিআচৌ/এসডি-০৪/আশিক-২১