নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি উপভোগ করতে যাচ্ছে দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আগামী ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটি ও ধর্মীয় উৎসবের কারণে বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৭ নভেম্বর (শনিবার) পালিত হবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এর পরদিন ৮ নভেম্বর (রোববার) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা উপলক্ষে ছুটি থাকবে।
এর আগে ৬ নভেম্বর (শুক্রবার) সাপ্তাহিক ছুটি থাকায় শুক্র, শনি ও রোববার টানা তিন দিন ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এই ছুটির আওতায় থাকবে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, সংশ্লিষ্ট কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে নভেম্বরের শুরুতেই তিন দিনের ছুটিতে সময় কাটানোর সুযোগ পাবেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
তবে মাদ্রাসা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির উল্লেখ না থাকায় মাদ্রাসায় একই সময়ে ছুটি থাকবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-৬




