ছবি: সিলেট ভিউ।
হবিগঞ্জের মাধবপুরে মাদক সেবনের টাকা চেয়ে মা-বাবাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে।
অভিযুক্ত মো. ইসমাইল মিয়া (২৫)। তিনি মাধবপুরের ছাতিয়াইন এলাকার মল্লাই মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মাদকাসক্ত ইসমাইলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। অভিযানে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইসমাইল প্রায়ই মাদক সেবনের জন্য টাকা চেয়ে তার মা-বাবাকে মারধর করতেন। এ ছাড়া ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন বলেও অভিযোগ রয়েছে। তার এমন আচরণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত মা-বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিয়ে ইসমাইলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
সিলেটভিউ২৪ডটকম/সানাউল/আশিক-০৪




