সন্ধ্যা নামতেই সিলেটের ইসকন মন্দিরের প্রবেশগেটে ভিড় জমতে শুরু করে তরুণদের। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে, আবার কেউ পরিচিতদের সঙ্গে এসেছেন দামোদর দীপদান উৎসবে অংশ নিতে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উৎসবের দ্বিতীয় দিন। দর্শনার্থীদের মধ্যে তরুণদের উপস্থিতিই ছিল বেশি।


কার্তিক মাস উপলক্ষে ইসকন সিলেটে চলছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব। প্রতিদিন সন্ধ্যায় গৌর আরতির পর ভক্তরা ভগবান দামোদর উদ্দেশে প্রদীপ নিবেদন করছেন। এ আয়োজনে অংশ নিচ্ছেন বিভিন্ন বয়সী ভক্তরা।

তরুণেরা প্রদীপ নিবেদনের পাশাপাশি প্রার্থনা ও হরিনাম সংকীর্তনে অংশ নিচ্ছেন। বন্ধুদের সঙ্গে মন্দিরে এসে এ আয়োজনে যোগ দিচ্ছেন অনেকে।

উৎসবে আসা এক তরুণ বলেন, ‘দামোদর দীপদান উৎসবে অংশ নিতে পেরে আমার খুব ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে মন্দিরে এসে প্রদীপ নিবেদন ও প্রার্থনায় অংশ নেওয়ার অভিজ্ঞতা আলাদা। এ ধরনের আয়োজন আমাদের ধর্মীয় ঐতিহ্য সম্পর্কে জানতে এবং ভক্তিমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে উৎসাহিত করে। কার্তিক মাসজুড়ে এমন আয়োজন চলবে জেনে ভালো লাগছে। সুযোগ পেলে প্রতিদিনই এখানে এসে দীপদান করতে চাই।’

বৈষ্ণবীয় রীতি অনুযায়ী, কার্তিক মাসে ভগবান দামোদরের উদ্দেশে প্রদীপ নিবেদনের বিশেষ তাৎপর্য রয়েছে। এ মাসে ভক্তরা শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে দীপদান করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, দিন যত যাবে, উৎসবে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি তত বাড়বে। কার্তিক মাসজুড়ে ইসকন সিলেটে এ আয়োজন চলবে। প্রতিদিন সন্ধ্যায় গৌর আরতির পর ভক্তরা দীপদান করতে পারবেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫