ছবি: সিলেট ভিউ।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) অভিযান চালিয়েছে একজনকে আটক করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মো. রামিম আহমদ (২৩)। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার কলিম উল্লাহর ছেলে।
এসআরবি-৯ জানায়, সিলেটে বেড়াতে আসা দুই নারীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে একজন আটক করা হয়েছে। গত ৮ অক্টোবর সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে আসেন এক নারী (৪০)। তিনি নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামের বাসিন্দা। মাজার থেকে তিনি তার সহযাত্রী অন্য নারীকে নিয়ে জাফলং যাওয়ার উদ্দেশ্যে রামিম আহমদ নামের এক চালকের মাইক্রোবাসে ওঠেন। পথে অভিযুক্ত যুবক তাদের ভারতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে জৈন্তাপুরের ডিবির হাওর এলাকায় নিয়ে চাপ সৃষ্টি করে। কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে এসে ভুক্তভোগী নারী মামলা দায়ের করলে ছায়া তদন্ত চালিয়ে মূল অভিযুক্ত চালক রামিমকে আটক করা হয়।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১




