ছবি: সংগৃহিত

ফেনীতে জেলা যুবদলের সাবেক সভাপতি ও ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকনের বিরুদ্ধে।

 


বুধবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ধলিয়া বাজারে সংবাদ সম্মেলন করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে জসিম বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে ফেসবুকে নানা কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের পেছনে আবুল খায়ের লিংকন ও নুরজাহান নবীর ইন্ধন রয়েছে।

 

তার অভিযোগ, বিভিন্ন সময়ে তাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। এখনো তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমি জীবিত থাকলে আবুল খায়ের লিংকন ধলিয়া ইউনিয়নে চেয়ারম্যান হতে পারবেন না- এমন ধারণা থেকেই আমাকে প্রতিনিয়ত ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে।

 

নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ কারণে নিরাপত্তা নিশ্চিত করতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

 

এসময় ফেনী সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

 

জানতে চাইলে ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী কালবেলাকে বলেন, আমি করি বিএনপি, আর অভিযোগকারী হলো যুবদল। সুতরাং তার সঙ্গে আমার রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নেই। বরং তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন বলে বিভিন্ন সময় সংবাদপত্রের মাধ্যমে জানতে পারি। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। সে রাজনীতিতে সক্রিয় না থেকে দখলদারদের সক্রিয় রয়েছেন বলেও নানা অভিযোগ পাওয়া যায়।

 

এ বিষয়ে জানতে ফেনী জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিংকন কালবেলাকে বলেন, তার সঙ্গে আমার রাজনৈতিক ও ব্যক্তিগত কোনো দূরত্ব নেই, আবার সম্পর্কও নেই। আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব শুনে সে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অস্থির হয়ে পড়েছে। এজন্য নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তার জীবন হচ্ছে মিথ্যা তথ্য ছড়ানোর ইতিহাস। সে নিজে অপকর্ম করে অন্যের উপর দোষ চাপিয়ে দেওয়ার নানা অভিযোগ রয়েছে। কেউ তাকে হত্যার হুমকি দেয়নি; বরং সে মানুষকে জিম্মি করে রাখার অভিযোগ রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪