ছবি: সিলেট ভিউ।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপিনাথ পুর গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। 

 


জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক বদু মিয়ার আওতাধীন এই নলকূপটির ট্রান্সফরমার চুরির পর থেকে স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।​

 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা গোপিনাথপুর গ্রামের ওই গভীর নলকূপের সংযোগস্থল থেকে ভারী ও মূল্যবান বৈদ্যুতিক ট্রান্সফরমারটি খুলে নিয়ে পালিয়ে যায়। সকালে কৃষকেরা মাঠে সেচ দিতে গিয়ে ট্রান্সফরমার চুরির বিষয়টি দেখতে পান। 

 

স্থানীয়রা জানান, নতুন ট্রান্সফরমার স্থাপন করা না হলে গভীর নলকূপটি সম্পূর্ণ সচল রাখা সম্ভব হবে না। এর ফলে আসন্ন বোরো ও অন্যান্য সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে এবং উৎপাদনে বড় ধরনের ধস নামতে পারে। বিশেষ করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক বদু মিয়ার এই গুরুত্বপূর্ণ প্রজেক্টটি বন্ধ হয়ে যাওয়ায় এলাকার শত শত বিঘা জমির সেচ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/সানিউল/আশিক-০৫