ছবি: ফাইল ছবি।

খুলনার রূপসা উপজেলায় নদীর ঘাট থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 


সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সিংহেরচর এলাকার আলম মেম্বারের নদীর ঘাটে মরদেহ দুটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে নদীর কাঁদার মধ্যে একটি মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে একই এলাকায় আরেকটি মরদেহ ভেসে ওঠে। খবর ছড়িয়ে পড়লে নদীর দুই পাড়ে উৎসুক মানুষের ভিড় জমে। মরদেহ দুটি ঘিরে এলাকায় সৃষ্টি হয় উদ্বেগ ও আতঙ্ক।

 

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় বাসিন্দারা সিংহেরচর এলাকায় নদীতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের পানিতে মরদেহ দুটি ভেসে ওই এলাকায় এসেছে।

 

তিনি আরও বলেন, মরদেহ দুটির মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর এবং অপরজনের বয়স ৪০ থেকে ৪২ বছর হতে পারে। তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে মরদেহ দুটি সেখানে এসেছে, তা জানার চেষ্টা চলছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-১০