ছবি: সংগৃহিত।

পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়নের (এসআরবি-২) ভ্রাম্যমাণ আদালত।

 


সোমবার (২ নভেম্বর) ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ১২ জনকে আটক করা হয়।

 

এসআরবি-২ জানায়, পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি বন্ধে আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালাল চক্রের সন্দেহে ১২ জনকে আটক করা হয়। পরে এসআরবির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপরাধ বিবেচনায় ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

 

তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, দুজনকে ৭ দিনের এবং চারজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক বাকি পাঁচজনের বিরুদ্ধে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দালাল চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

 

জানা যায়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় পাসপোর্ট সেবা প্রত্যাশীদের হয়রানি করে আসছিল। চক্রের সদস্যরা পাসপোর্টের ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্রের ঘাটতি পূরণ, ভুল বা ভুয়া কাগজপত্র তৈরি করে দেওয়ার আশ্বাস এবং দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

 

আগারগাঁও পাসপোর্ট অফিসকে ঘিরে গড়ে ওঠা দালাল চক্রের বিরুদ্ধে অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান এসআরবি-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-২০