ছবি: ফাইল ছবি।
সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা থামছে না। অক্টোবর মাসে বিভাগের চার জেলায় ২৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮ জন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সুনামগঞ্জে।
বুধবার (৪ নভেম্বর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
নিসচার প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন না মেনে বেপরোয়া ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়কের নির্মাণগত ত্রুটি।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবর মাসে সিলেট জেলায় ১৫টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ২টি দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আর হবিগঞ্জে ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন।
এর আগের মাস সেপ্টেম্বরেও সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনার চিত্র ছিল উদ্বেগজনক।
ওই মাসে ২৬টি দুর্ঘটনায় ২৬ জন নিহত এবং ৫১ জন আহত হয়েছিলেন। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দুর্ঘটনা একটি বেশি এবং প্রাণহানি একজন বেশি হয়েছে। তবে আহতের সংখ্যা কমেছে ৩ জন।
এবিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম মিশু বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দায়িত্বশীল হতে হবে। অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা বন্ধ করতে হবে।
তিনি বলেন, ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পথচারীদের সচেতনতা বাড়ানো এবং সড়কের নির্মাণগত ত্রুটি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সম্মিলিত সচেতনতা ও আইনের যথাযথ প্রয়োগ ছাড়া সড়কে প্রাণহানি কমানো সম্ভব নয়।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০২/আশিক-১১




