হবিগঞ্জে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে নির্মিত শ্রীশ্রী নৃসিংহ জিউ মন্দিরের উদ্বোধন ঘিরে চলছে উৎসবের প্রস্তুতি।
এ উপলক্ষে আগামী ১২ ও ১৩ নভেম্বর দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৩ নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।
হবিগঞ্জের বগলাবাজার এলাকায় অবস্থিত মন্দিরটির উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, ১২ নভেম্বর বৃহস্পতিবার রাত আটটায় অনুষ্ঠিত হবে শুভ অধিবাস। পরদিন শুক্রবার বিকেল তিনটায় হবে আলোচনা সভা। এতে বিভিন্ন পর্যায়ের অতিথি, জনপ্রতিনিধি, ইসকনের সন্ন্যাসী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন।
মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ সম্পর্কে অধ্যক্ষ শ্রী উদয় গৌর দাস ব্রহ্মচারী বলেন, দীর্ঘদিনের পরিকল্পনা এবং শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ও শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজের অনুপ্রেরণায় মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। মন্দিরের ভক্তদের শ্রম, ত্যাগ ও আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে আজ নৃসিংহ জিউ মন্দিরটি উদ্বোধনের পর্যায়ে এসেছে।
তিনি বলেন, হবিগঞ্জে ইসকন নৃসিংহ মন্দির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে শ্রীকৃষ্ণভাবনামৃতের প্রচার, আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা এবং বিশেষ করে তরুণদের মধ্যে নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। এই মন্দিরকে কেন্দ্র করে মানুষ ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চার সুযোগ পাবেন।
অধ্যক্ষ আরও বলেন, ১৩ নভেম্বর তাঁদের জন্য অত্যন্ত আনন্দের দিন। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হবে। এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের অতিথি, নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি কামনা করছেন তাঁরা।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে হবিগঞ্জের জেলা প্রশাসক ডি. জি. এম. সরফরাজ ও পুলিশ সুপার মো. তারেক মাহমুদের। এ ছাড়া ইসকনের বিভিন্ন পর্যায়ের সন্ন্যাসী ও দায়িত্বশীল ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেবেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬




