ছবি: সংগৃহিত

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন মিছিল বের করার চেষ্টার সময় ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানাপুলিশ।

 


শুক্রবার (৬ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে নগরীর জেলরোড ও ধোপাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, জকিগঞ্জের হাতিডহর গ্রামের শামসুল ইসলামের ছেলে মো. শাহেক আহমেদ (৩২); একই গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে সেলিম আহমেদ (৩৭), মৌলভীরচক গ্রামের আবুল কালামের ছেলে মুন্না আহমেদ (২৯); কানাইঘাট থানার মেছা গ্রামের ফরিদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৫), বীরদল আগফুদ গ্রামের মেজবাহ উদ্দিনের ছেলে তানিম ইকবাল (১৯), একই গ্রামের নুরুল হকের ছেলে সালেহ আহমেদ (১৮); দক্ষিণ সুরমা উপজেলার ১০নং রোডের বর হইকান্দি গ্রামের লিমন আহমেদের ছেলে ফাহিম হাসান রবি (১৮), গোপশহর গ্রামের আব্দুল মালিক খানের ছেলে জাকের খান (২৯); কানাইঘাটের মহেশপুর গ্রামের নসির আহমেদের ছেলে কিবরিয়া আহমেদ (৩০), দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের রেহান উল্লাহর ছেলে জুনায়েদ আহমেদ (৩৮), কানাইঘাটের জয়পুর পূর্ণখলা গ্রামের মৃত মকবুল আলীর ছেলে আলী আহমদ (৪৫) এবং কানাইঘাট থানার বীরদল ছোটফৌদ গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে এন এম নাদিম (২০)।

 

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট মহানগরীর জেলরোড থেকে ধোপাদিঘীর পার পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনটির জেলা এবং মহানগর পর্যায়ের নেতাকর্মীরা একটি মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। পরে কোতোয়ালি মডেল থানাপুলিশের ৫টি টিম যৌথ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি বড় ব্যানার, ৫টি ফেস্টুন এবং ১৫টি লাল ক্যাপ উদ্ধার ও জব্দ করা হয়েছে।

 

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১/ইকে-০৫