শীতের আমেজ ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে। চারপাশে হালকা থেকে মাঝারি কুয়াশা। কখনো রোদ, কখনো মেঘের লুকোচুরি। কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঁকি দিলেও বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না তার তেজ। এমনই এক শীতের আবহে ক্রিকেট উৎসবে মেতেছে সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন।

 


বৃহস্পতিবার (৫ নভেম্বর) হায়দরপুর গ্রামে শুরু হয়েছে ‘ভাতগাঁও ইউনিয়ন ক্রিকেট লিগ’-এর প্রথম আসর। দুপুর ২টায় হায়দরপুর ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। প্রথম ম্যাচেই তাশফিয়া কুইন ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়ে লিগে যাত্রা শুরু করেছে গ্রীন টাইটান্স ক্রিকেট ক্লাব।

 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১২৭ রানে অলআউট হয় তাশফিয়া কুইন। দলের পক্ষে সদরুল ২৭ বলে ২৯ এবং সিজান ৯ বলে ২২ রান করেন। গ্রীন টাইটান্সের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ডালিম ও শাহিন। ডালিম ৪ ওভারে ২৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। শাহিন ৪ ওভারে মাত্র ১৪ রান খরচায় নেন ৩ উইকেট।

 

জবাবে ব্যাট করতে নেমে ১২.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গ্রীন টাইটান্স। দলের জয়ে বড় অবদান রাখেন জাভেদ। ২৪ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। শাহিন ১৮ বলে অপরাজিত ১৯ রান করেন। তাশফিয়া কুইনের হয়ে পামেল ও শাকিল ২টি করে উইকেট নেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শুয়েব মুন্না, ভাতগাঁও ক্রিকেট ক্লাবের উপদেষ্টা আসকর আলী ও আনোয়ার হোসেন। এ ছাড়া হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

 

অতিথিরা টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন এবং সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, এই লিগকে কেন্দ্র করে ইউনিয়নে ক্রিকেটের যে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে হবে। স্থানীয় তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

 

১৩ নম্বর ভাতগাঁও ক্রিকেট ক্লাবের উপদেষ্টা পামেল আহমেদ বলেন, “গত বছর অনেক চেষ্টার পর ইউনিয়নের একটি ক্রিকেট দল গঠন করে উপজেলা লিগে কোনো রকমে অংশগ্রহণ করতে পেরেছিলাম। সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় সবার সম্মিলিত উদ্যোগে আজ আমাদের ইউনিয়ন ক্রিকেট লিগ মাঠে গড়িয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। ভাতগাঁও ইউনিয়নের সব ক্রীড়াবিদের প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আমাদের এই ছোট আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

টুর্নামেন্টটি মাত্র শুরু হয়েছে। সফলভাবে শেষ করতে পারলে সবার প্রচেষ্টা সফল ও সার্থক হবে। টুর্নামেন্টটি সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আশিক-০৬