সিলেটের কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এ সময় পাথর পরিবহনে ব্যবহৃত ১০টি পাথর বোঝাই বারকি নৌকা বিকল করা হয়েছে।
 

শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।
 


প্রশাসনের অভিযানের খবর পেয়ে অবৈধভাবে পাথর উত্তোলনে নিয়োজিত শ্রমিকরা বারকি নৌকা রেখে পালিয়ে যান।
 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান, সরকারি নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি ও থানা পুলিশ কাজ করছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


অভিযানকালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, লোভাছড়া বিজিবি ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


 

সিলেটভিউ২৩ডটকম/মাহবুবুর/মআস-০৬