ছবিঃ সিলেট ভিউ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভারতীয় অনলাইন 'শিলং তীর' জুয়া পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই মহুরী (টাকা সংগ্রহকারী) ও এক জুয়াড়িসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।


​


শনিবার (৭ অক্টোবর) বিকেলে আজমিরীগঞ্জ পৌরসদর বাজারের জগন্নাথ জিউর আখড়া সংলগ্ন একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করা হয়।

 

​আটককৃতরা হলেন- পৌরসদরের শরীফনগর এলাকার বাসিন্দা কয়েছ মিয়া (৫২), সমিপুর গ্রামের বাসিন্দা রঞ্জিত রায় ওরফে মুকুল (৫৫)এবং নগর গাঙ্গ পাড় হাটির বাক প্রতিবন্ধী সেন্টু মিয়া (৪৮)।

 

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র এলাকায় অবৈধভাবে ভারতীয় অনলাইন 'শিলং তীর' জুয়া পরিচালনা করে আসছে। এর আগে বিভিন্ন অভিযানে পুলিশ ও উপজেলা প্রশাসন একাধিক জুয়াড়ি ও জুয়া পরিচালনাকারীকে আটক করে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করলেও সম্প্রতি চক্রটি পুনরায় বিভিন্ন স্পটে সক্রিয় হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতারে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) সালাউদ্দিন মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল 
পৌরসদরে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই মহুরী ও এক জুয়াড়িকে আটক করেন। ​পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, কয়েছ মিয়া পৌরসদরের আজিমনগর মুন্সিহাটীর শিলং তীর এজেন্ট কামরুল মিয়ার মহুরী এবং মুকুল রায় শুক্রিবাড়ী গ্রামের তীর শিলংয়ের এজেন্ট আল আমিনের মহুরী হিসেবে কাজ করতেন।

 

​আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/আশিক-১২