সিলেটের দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় নিহত বিএনপি নেতা গেদা মিয়ার (৬০) লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি বলেও জানা গেছে। 

 


শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।

 

তিনি জানান, ময়না তদন্ত শেষে শনিবার বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে। তবে এর আগে এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

 

এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৩নং তেতলি ইউনিয়নের ৭ ওয়ার্ডের লক্ষিপুর গ্রামে হামলার শিকার হন গেদা মিয়া। গ্রামের মসজিদ ও স্কুল কমিটির নেতৃত্ব নিয়ে কিছুদিন ধরে গেদা মিয়া ও তার বলয়ের সঙ্গে স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন ও ইলিয়াসদের বিরোধ চলছে। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষ বেশ কয়েকজন মিলে গেদা ও প্রতিবেশী বাবুল মিয়ার বাড়িতে হামলা চালায়। এসময় গেদা মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন (শনিবার) ময়নাতদন্তের পর বিকেল আনুমানিক ৪টার দিকে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিহত গেদা মিয়া তেতলি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। তিনি বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ছিলেন বলে জানা গেছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৩