ছবিঃ ফাইল ছবি।
আবাসিক হোটেলের ৫ তলা থেকে নিচে পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকার উত্তরার আবাসিক হোটেল এম্বাসেডরে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল হাসান সিয়াম (১৭)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায়।
পুলিশ জানায়, উত্তরায় আবাসিক হোটেল এম্বাসেডরের পাঁচতলা ভবনের ৫০২ নম্বর কক্ষ ভাড়া নেন চার বন্ধু মিলে। গত পাঁচদিন ধরে ওই কক্ষে অবস্থান করছিলেন তারা। ইউটিউবে মডেলিংয়ের কাজ করেন সবাই। শনিবার সন্ধ্যায় রুমের পশ্চিম পাশের থাই গ্লাসের গ্রিলবিহীন জানালার পাশেই বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরা ১ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের মহিলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসাইন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন বন্ধুকে (দুই মেয়ে ও এক ছেলে) আটক করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৯




