ছবি: সিলেট ভিউ।

সিলেট মহানগরীর লালদিঘীরপার এলাকায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। 

 


রবিবার (৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সিলেট নগরীর লালদিঘীপার নতুন হকার্স মার্কেটের ১ নম্বর গলিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

জানা যায়, সিলেট মহানগরীর লালদিঘীরপার নতুন হকার্স মার্কেটের ১ নম্বর গলিতে টেপন ব্রাদার্স ও খান এন্টারপ্রাইজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানে আগুন ও ধোঁয়া দেখে তাৎক্ষনিক সিলেট ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে দোকানে থাকা বিভিন্ন প্রকারের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

টেপন ব্রাদার্স নামক প্রতিষ্ঠানের ব্যবসায়ী রিপন জানান, শীতকে সামনে রেখে শীতকালীন খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম দোকানে তুলেছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকান বন্ধ করে বাসায় যান তিনি। কিন্তু সকালে এসে দেখেন তার সব স্বপ্ন পুড়ে ছাই। একই আগুনে পুড়ে গেছে ‘খান এন্টারপ্রাইজ’ নামের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানও। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কুতুব উদ্দিন জানান, ‘সকালে সিলেট মহানগরীর লালদিঘীরপার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দুই ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির পরিমান ৪লাখ টাকার মতো এবং আমাদের উদ্ধার কার্যক্রমে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।’

 


সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-০৪