জাতিসংঘের ৩১তম বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP31) সরাসরি মাঠ পর্যায় থেকে কাভার করতে অস্ট্রেলিয়ার সিডনি থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাংবাদিক খলিলুর রহমান স্টালিন।
 

রবিবার (৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আনতালিয়ার 'আনতালিয়া এক্সপো সেন্টারে' আগামীকাল ৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী বিশ্ব জলবায়ুর এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
 


খলিলুর রহমান স্টালিন বর্তমানে অস্ট্রেলিয়াতে বসবাস করেন। তিনি অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এসজেএ) সদস্য এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল 'সিলেটভিউ২৪ডটনিউজ'-এর অস্ট্রেলিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলনটি তিনি সরাসরি কাভার করবেন।

এর আগেও তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনসহ একাধিক আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে কাভার করেছেন। তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়েছিল সিলেটের স্থানীয় দৈনিক 'উত্তরপূর্ব' পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি 'সিলেটভিউ২৪ডটনিউজ', জাতীয় অনলাইন পোর্টাল 'বাংলামেইল২৪ডটকম', 'বিবার্তা২৪নেট' এবং 'দৈনিক ইনকিলাব'-এ ক্রাইম রিপোর্টার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন।
 

পেশাগত কাজের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও পেশাদার সংগঠনের সাথে যুক্ত। তিনি অপরাধবিষয়ক সাংবাদিকদের প্রধান সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এবং সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য। এ ছাড়া তিনি ঢাকায় কর্মরত সিলেট বিভাগের সাংবাদিকদের সংগঠন ‘সিলেট বিভাগ সাংবাদিক সমিতি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের (বিএলআরজেএফ) কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 

আগামী দুই সপ্তাহ আনতালিয়ার সম্মেলন স্থল থেকে বৈশ্বিক জলবায়ু সংকটের নানা গুরুত্বপূর্ণ আলোচনা, বিশ্বনেতাদের সিদ্ধান্ত এবং জলবায়ু তহবিলের আপডেটগুলো তিনি নিয়মিত পাঠকদের জন্য তুলে ধরবেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এসডি