ডিমে মুরগির বিষ্ঠা। খাদ্য তৈরিতে ব্যবহার হচ্ছে অনুমোদনহীন বাটার। রঙের ব্যবহারেও অসংগতি। এমন ভয়াবহ অনিয়ম ধরা পড়েছে সিলেট নগরীর আম্বরখানার আশা লাইভ বেকারিতে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযান চালায়।
অভিযানে বেকারিটির নানা অনিয়মের চিত্র উঠে আসে। ডিমের মধ্যে পাওয়া যায় মুরগির বিষ্ঠা। খাদ্য তৈরিতে ব্যবহৃত হচ্ছিল অনুমোদনহীন কোম্পানির বাটার। রঙের ক্ষেত্রেও পাওয়া যায় অসংগতি।
পরে এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
এবিষয়ে নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন বলেন, বেকারিটিতে বেশ কিছু অনিয়ম পাওয়া গেছে। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-১০




