হবিগঞ্জের আজমিরীগঞ্জে অবৈধভাবে সরকারি খাস ভূমি (চর) থেকে মাটি কেটে পরিবহনের সময় হাতেনাতে পাঁচজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও দুটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি জব্দ করা হয়।
সোমবার (৯ নভেম্বর) বিকেল আনুমানিক তিনটার দিকে পৌর শহরের রামকৃষ্ণ মিশন সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দিন চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কলিকাপুর গ্রামের খালেক মিয়ার পুত্র হাবিব মিয়া (২০), বানিয়াচং উপজেলার বালাকপুর গ্রামের ওয়াহিদ চৌধুরীর পুত্র রাজু চৌধুরী (২২), বাহুবল উপজেলার লস্করপুর মিরপুরের রহিম উল্লাহর পুত্র সুজন মিয়া (২৬), আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের শুক্রিবাড়ি গ্রামের মুজাম্মিল মিয়ার পুত্র জসিম মিয়া (৩০) এবং একই ইউনিয়নের বিরাট গ্রামের মৃত তোয়াব আলী মিয়ার পুত্র আস্সাদ মিয়া (৪৮)।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর শহরের বাঁশমহাল এলাকায় বিগত কয়েক দিন ধরে একটি চক্র নদীপাড় সংলগ্ন চরের মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এমন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মাটি পরিবহনরত অবস্থায় চালকসহ তিনটি ট্রাক্টর ও দুটি ট্রলি আটক করা হয়।পরে 'বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০'-এর ১৫(১) ধারা অনুযায়ী আটক প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অর্জুনের নেতৃত্বে একদল পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবেশ নষ্ট করার দায়ে সংশ্লিষ্ট আইনে তাদের দণ্ড দেওয়া হয়েছে এবং গাড়িগুলো জব্দ করা হয়েছে। সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন রোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-০৮




