সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে বালুপাথর উত্তোলন বন্ধে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া তাদের এখানে মোতায়েন করেন।
 

এর আগে গত ২৯ অক্টোবর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে ধলাই সেতুর নিচ থেকে বালু পাথর উত্তোলন বন্ধে গ্রাম পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত হয়।


সাম্প্রতিক সময়ে ধলাই সেতুর নিচ থেকে বালু পাথর উত্তোলন বৃদ্ধি পায়। যার ফলে হুমকিতে পড়ে ধলাই সেতু। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল সমালোচনা। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করলেও বন্ধ হয়নি দুষ্কৃতকারীদের বালুপাথর উত্তোলন।
 

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া জানান, সেতুর নিচ থেকে বালুপাথর উত্তোলন বন্ধ করতে আমরা গ্রাম পুলিশের সদস্যদের মোতায়েন করেছি। তারা ২৪ ঘন্টা সেখানে দায়িত্ব পালন করবে। তাদের সাথে জেলা প্রশাসনের ভলান্টিয়াররা নৌকা নিয়ে থাকবে এবং প্রয়োজনে বিজিবি ও পুলিশ সহযোগিতা করবে।
 

এছাড়া এদিন সোমবার বেলা ২টায় সেতু পরিদর্শনে আসেন সিলেট সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সালাহ্‌উদ্দিন সোহাগ। সোমবার (৯ নভেম্বর) বেলা ২টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়াকে সাথে নিয়ে তিনি সরেজমিনে ধলাই সেতু পরিদর্শন করেন। এসময় তারা সেতুর পিলারের ফাটল ও উপরের এক্সপ্যানশন জয়েন্ট ঘুরে দেখেন।
 

সিলেট সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সালাহ্‌উদ্দিন সোহাগ এসময় জানান, ধলাই সেতুর পিলারের ফাটল পরিক্ষা করতে প্রয়োজনে ঢাকা থেকে এক্সপার্ট নিয়ে আসা হবে। আমাদের দেখে মনে হয়েছে পিলারের গার্ডে এই ফাটল ধরেছে। এগুলো পরীক্ষা-নিরিক্ষা করে উপরের এক্সপ্যানশন জয়েন্ট ও রং সহ মেরামতের জন্য টেন্ডার দেওয়া হবে।
 


সিলেটভিউ২৪ডটকম/জলিল/মআস ০১