পাঁচ দফা দাবি আদায়ে সিলেটে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকরা। দাবি মানতে প্রশাসনকে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তাঁরা। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন নেতারা।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকার একটি কমিউনিটি সেন্টারে মালিক-শ্রমিক প্রতিনিধি সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (৭০৭)-এর সভাপতি জাকারিয়া আহমদ বলেন, পরিবহন শ্রমিকদের ওপর প্রশাসনের হয়রানি বেড়েছে। সড়কে গাড়ি নিয়ে বের হলেই বিভিন্ন অজুহাতে মামলা দেওয়া হচ্ছে। একজন চালক সারাদিন গাড়ি চালিয়ে এক থেকে দেড় হাজার টাকা আয় করেন। অথচ একটি মামলায় পাঁচ থেকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হচ্ছে।
তিনি বলেন, পরিবহন খাতের সমস্যা সমাধান ও মালিক-শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ১৫ নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি মানা না হলে ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করা হবে।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন (৭০৭) এবং জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক জোটের সমন্বয়ে গঠিত মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এ সমাবেশের আয়োজন করে।
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে রাজা আহমদ ও এম বরকত আলী যৌথভাবে সঞ্চালনা করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক জোটের সভাপতি মতচ্ছির আলী, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়া, মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল আহমদ ও চালক জোটের কার্যকরী সভাপতি মো. দেলোয়ার আহমদ।
সমাবেশে পাঁচ দফা দাবি তুলে ধরেন মালিক-শ্রমিক নেতারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং জেলা ও মহানগরীতে ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করা।
এ ছাড়া সিলেটের শোরুম থেকে কেনা সিএনজি অটোরিকশার নিবন্ধন দেওয়া, পুলিশি দায়িত্ব পালনের সময় জ্বালানি ও চালকের খাবারের খরচ দেওয়া এবং জেলা ও মহানগরীতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
একই সঙ্গে ট্রাফিক পুলিশের হয়রানিমূলক মামলা, ট্রাফিক কর্মকর্তাদের হয়রানি এবং বিআরটিএ সিলেটের হয়রানি বন্ধের দাবি তোলেন তাঁরা।
সমাবেশে মালিক ও শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/মআস ০৪




