ছবি: সংগৃহিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাধ্যমে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় ছাত্রলীগের আরও এক নেতা পালিয়ে যান।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তার সহযোগী নির্জন। পালিয়ে যাওয়া ব্যক্তি একই কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল বলে জানা গেছে।
বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যান। আটক দুজন আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা। পরে তাদের ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইন এলাকায় তিনজন আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সাধারণ শিক্ষার্থী ও অন্যরা ওই পথ দিয়ে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে হাতেনাতে আটক করেন। একপর্যায়ে ধস্তাধস্তির সুযোগে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যান। পরে অন্য দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসের রেললাইনে আগুন দেওয়ার চেষ্টাকালে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৪




