ছবি: ফাইল ছবি।
সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানার বটেরতল এলাকায় নিজ বাসা থেকে রাজভি (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত ১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ফোনে স্ত্রীকে আত্মহত্যার কথা জানিয়েছিলেন বলে জানায় পুলিশ।
জানা যায়, নিহত রাজভি স্থানীয় একটি সুপারশপে চাকরি করতেন। সহপাঠী এক তরুণীকে বিয়ে করে তিনি বটেরতল এলাকার ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তাঁর মা-বাবা ও বোন যুক্তরাজ্যে থাকেন।
পুলিশ জানায়, সম্প্রতি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রাজভি ও তাঁর স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। পাশাপাশি সুপারশপে চাকরি করে পাওয়া সীমিত বেতনে সংসার চালাতে তাঁকে হিমশিম খেতে হতো। এ নিয়েও তাঁদের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। সোমবার রাতে রাজভির স্ত্রী একটি দাওয়াতে গেলে তাঁকে ফোন করে আত্মহত্যার কথা জানান রাজভি। বিষয়টি জানার পর তাঁর স্ত্রী নিজের চাচাকে অবহিত করেন।
পরে স্ত্রী বাসায় ফিরে রাজভির চাচাসহ অন্যান্য আত্মীয়স্বজনকে সেখানে দেখতে পান। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তাঁরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ফ্যানের হুকের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রাজভিকে দেখতে পান তাঁরা। খবর পেয়ে শাহপরান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহপরান থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, রাজভির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
সিলেটভিউ২৪ডটকম/ এহিয়া-১১




